বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) শ্রীপুর উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আয়োজিত র‍্যালিতে অংশগ্রহণকারীরা "ঘরে ঘরে আওয়াজ তুলুন, জীবনের প্রতি হ্যাঁ বলুন, মাদকের প্রতি না বলুন"-এই স্লোগান ধারণ করে মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি হাফেজ মো. আইয়ুব আলী। সমাবেশ পরিচালনা করেন পৌর যুব বিভাগের সেক্রেটারি আক্তারুজ্জামান মোল্লা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান।

বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ এবং শ্রীপুর পৌর জামায়াতের সেক্রেটারি মো. আবুল হোসাইন।

এ সময় মোস্তাফিজুর রহমান খান বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং প্রশাসনসহ সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করে একটি সুস্থ, নিরাপদ ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান তিনি।