ঐতিহাসিক ভাওয়াল রাজদিঘীর সংস্কার, সংরক্ষণ ও টেকসই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মিজ তানজিলা খানম, এর সঙ্গে ‘ভাওয়াল রাজদিঘী সংস্কার ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন আন্দোলন’-এর প্রতিনিধি দলের একটি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে ভাওয়াল রাজদিঘীর স্কেচ ম্যাপ, সংস্কারের পূর্ণাঙ্গ পরিকল্পনা, বাস্তবায়নের ধাপ, প্রশাসনিক কার্যপ্রক্রিয়া, প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে রাজদিঘীকে ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ ও পর্যটনের সমন্বয়ে একটি নান্দনিক ও প্রাণবন্ত কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়।

বৈঠকে গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া বলেন, ভাওয়াল রাজদিঘী গাজীপুরের ইতিহাস-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ ঐতিহ্য সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান সম্পদ রেখে যেতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বয়ে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মিজ তানজিলা খানম বলেন, ভাওয়াল রাজদিঘী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক সমন্বয়, কারিগরি পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়াকে গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজদিঘী গাজীপুরের ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক বিনোদনের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হবে।

প্রতিনিধি দলের সদস্যরা জানান, এটি শুধু একটি সৌজন্য সাক্ষাৎ নয়; বরং ভাওয়ালের ইতিহাস, ঐতিহ্য ও পরিবেশ রক্ষার আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন এবং দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

প্রতিনিধি দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ঐতিহাসিক ভাওয়াল রাজদিঘী অচিরেই তার হারানো সৌন্দর্য, ঐতিহ্য ও প্রাণ ফিরে পাবে এবং গাজীপুরের ইতিহাস, সংস্কৃতি ও পর্যটনের অন্যতম আকর্ষণ হিসেবে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করবে।

বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মনোয়ার হোসেন রনি, সদস্য সচিব রফিকুল ইসলাম আলম, সদস্য সিরাজুল হক খোকা, তাজুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুর রহমান, সঞ্জয়, শেখ জাহিদ, ইঞ্জিনিয়ার মাসুমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।