আগামী ২৮ জুন সারাদেশে একযোগে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে। ক্যাম্পেইনে এবার বগুড়া জেলায় মোট ৫ লক্ষ ৬ হাজার ৩৬৮জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ০৬-১১ মাস বয়সী শিশু ৬০ হাজার ৯৭০ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৪ লক্ষ ৪৫ হাজার ৩৯৮ জন।
কর্মসূচি বাস্তবায়নে ১১টি স্থায়ী এবং ২৬১৬টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পে ৫ হাজার ২৫৪জন স্বেচ্ছাসেবী ক্যাম্পেইনে সেবা প্রদান করবেন।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন প্রোগ্রামে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা: খুরশীদ আলম।
অনুষ্ঠানে ডেপুটি সিভিল সার্জন ডাঃ এস. এম নূর ই শাদীদ, মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাফিউর রহমান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।