চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হংকং রিসার্চ সেন্টার ফর এশিয়ান স্টাডিজ–বাংলাদেশ সেন্টার (আরসিএএসবিসি) এবং বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশের (জিএনবি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (২৪ জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আরসিএএসবিসির পরিচালক অধ্যাপক ড. সুজিত কুমার দত্ত এবং গুড নেইবার্স বাংলাদেশের কমিউনিকেশনস অ্যান্ড পার্টনারশিপ টিম ম্যানেজার মো. আল-ইমরান মনজু।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আওতাধীন এবং সিন্ডিকেট অনুমোদিত গবেষণা প্রতিষ্ঠান হিসেবে আরসিএএসবিসি গবেষণা, জ্ঞানচর্চা ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক মো. নিয়াজ মোর্শেদ, বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন ও অদিতি চক্রবর্তী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ফারিহা জেসমিন।
সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান ইন্টার্নশিপ, স্বেচ্ছাসেবী কার্যক্রম, যৌথ গবেষণা, তথ্য-উপাত্ত বিনিময় এবং বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে। পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে কর্মশালা, সেমিনার, প্রশিক্ষণ এবং জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হবে।
এ ছাড়া উন্নয়ন ও সামাজিক বিষয়ক গবেষণায় পারস্পরিক সহযোগিতা এবং গবেষণার প্রয়োজনে তথ্য বিনিময়ের সুযোগও তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অনুষ্ঠানে উভয় পক্ষ আশা প্রকাশ করে বলেন, এ সমঝোতা স্মারক একাডেমিয়া ও উন্নয়ন খাতের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলবে এবং শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
চুক্তিটি স্বাক্ষরের তারিখ থেকে পরবর্তী তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে।