প্রাথমিক বিদ্যালয় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) ২০২৬-এর জাতীয় পর্যায়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সাঁথিয়া উপজেলার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী দলকে সংবর্ধনা দিয়েছে পাবনা জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ ১ লাখ টাকার ডেমি চেক প্রদান করা হয়।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উম্মে তাবাসসুম, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, জেলা ক্রীড়া কর্মকর্তা তারিকুল ইসলাম, প্রেসক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব, সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, পাবনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস বাসিদ ও সাধারণ সম্পাদক শামসুল আলম। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং পাবনায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অর্জন শুধু সাঁথিয়া উপজেলার নয়, সমগ্র পাবনা জেলার জন্য গৌরবের। ক্ষুদে ফুটবলারদের এই সাফল্য ভবিষ্যতে জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গত ২০ জুন ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) ২০২৬-এর জাতীয় পর্যায়ের ফাইনালে রাজশাহী বিভাগের প্রতিনিধিত্বকারী জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংহ বিভাগের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে পরাজিত করে জাতীয় শিরোপা জয় করে।
ফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল উপহার দেয় জোড়গাছা ইউনাইটেডের ক্ষুদে খেলোয়াড়রা। দুর্দান্ত দলগত সমন্বয় ও অসাধারণ নৈপুণ্যের মাধ্যমে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে তারা নির্ধারিত সময়েই ৪-২ গোলের জয় নিশ্চিত করে।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সাঁথিয়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বিজয়ী দলের সঙ্গে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণে অংশ নেন।
জাতীয় পর্যায়ে এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সাঁথিয়া উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ক্ষুদে ফুটবলারদের এই কৃতিত্বকে জেলার ক্রীড়াঙ্গনের জন্য এক ঐতিহাসিক ও গৌরবময় অর্জন হিসেবে অভিহিত করেছেন।