বৃষ্টিভেজা মাঠ, তবুও কমেনি দর্শকদের উচ্ছ্বাস। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর কোয়ার্টার ফাইনালে জয় তুলে নিয়ে সেমিফাইনালে উঠেছে গাজীপুরের টঙ্গী ফুটবল একাডেমি।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে টঙ্গী ফুটবল একাডেমি ২-১ গোলে এইচএমআরসি, ঠাকুরগাঁওকে পরাজিত করে শেষ চারের টিকিট নিশ্চিত করে।
ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। উদ্বোধক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হান্নান মিয়া হান্নু।
দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের নির্বাচিত সেরা দর্শক, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মদ সুমন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুর রউফ নয়ন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, ক্রীড়া সংগঠক আব্দুর রহিম খান কালা, বিএনপি নেতা ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মো. তানভীর আহাম্মেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, জিয়া পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান মুন্না, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খান, শেখ রাসেল আহাম্মেদ শ্যামলসহ ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ।
গত ২০ জুন শুরু হওয়া এই টুর্নামেন্টে দেশের ১৬টি শক্তিশালী দল অংশগ্রহণ করছে। প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ফুটবলপ্রেমী স্টেডিয়ামে এসে খেলা উপভোগ করছেন।
বৃহস্পতিবারের ম্যাচে বৃষ্টির মধ্যেও দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ফুটবল উপহার দেন। গ্যালারিজুড়ে দর্শকদের করতালি, স্লোগান ও উৎসাহে পুরো স্টেডিয়াম ছিল প্রাণবন্ত। নির্ধারিত সময়ের শেষ দিকে টঙ্গী ফুটবল একাডেমি জয়সূচক গোল করে ২-১ ব্যবধানে ম্যাচটি নিজেদের করে নেয়।
আয়োজকরা জানান, আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল, যেখানে মুখোমুখি হবে বিকেএসপি ও জামালপুর জেলা দল।
প্রতিদিনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শহীদ বরকত স্টেডিয়ামে ফুটবল উৎসব এখন গাজীপুরের ক্রীড়াপ্রেমীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।