বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বর্তমান বিশ্বে তথ্যের অবাধ প্রবাহের যেমন ইতিবাচক দিক রয়েছে, ঠিক তেমনি মিথ্যাচার ও অপতথ্যের ছড়াছড়িও আশংকাজনক হারে বেড়ে গিয়েছে। আর এই অপপ্রচারের সবচেয়ে বড় শিকার হচ্ছে ইসলাম ও মুসলিম উম্মাহ।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের পর দেশবিরোধী নানামুখী ষড়যন্ত্র ও অপপ্রচার ছিল চোখে পড়ার মতো। এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে এবং ষড়যন্ত্র নস্যাৎ করতে হলে সমাজে সঠিক তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। আর এ কাজে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আজ শনিবার (৪ জুলাই) কক্সবাজার জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ আয়োজিত ‘উপজেলা প্রতিনিধি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সাংগঠনিক সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগ সমন্বয়ক আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। বক্তারা অপপ্রচার রোধে আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে সঠিকভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত প্রতিনিধি সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, উখিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, কক্সবাজার শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল এবং কক্সবাজার সদর সেক্রেটারি আজিজুর রহমান। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলার প্রচার ও মিডিয়া বিভাগের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।