প্রধান অতিথি ডা : শফিকুর রহমান
বায়জীদ বোস্তামী, বরিশাল থেকে : বিরোধীদলীয় নেতা হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা : শফিকুর রহমান। আজ শনিবার বরিশাল কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহে ১১ দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
আমীরে জামায়াতের বরিশাল সফর ও বিভাগীয় সমাবেশ উপলক্ষে বরিশালে শহরে সাজ সাজ রব বিরাজ করছে। শহরের প্রবেশ মুখ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক গুলো তোরণ, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে এবং সব জায়গায় উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। গত ১৩ই জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের পরেই বিরোধীদলীয় নেতার বরিশাল সফর হওয়াতে ১৮ তারিখের সমাবেশ আলাদা গুরুত্ব পেয়েছে। পর পর দুই নেতার সফরের মাধ্যমে দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত বরিশাল বিভাগের মানুষ আশায় বুক বাধছে। দলীয় ও জোট প্রধানকে স্বাগত জানাতে অপেক্ষায় রয়েছেন জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। বিভাগের সকল জেলা ও উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী বরিশালে আসার প্রস্তুতি নিয়েছে।
সমাবেশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সমাবেশের সভাপতি অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল বলেন, সমাবেশের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকল জেলা উপজেলা থেকে কর্মী আসার জন্য লঞ্চ এবং বাস ভাড়া করা হয়েছে, যদিও বাসের কিছুটা সংকট দেখা যাচ্ছে তারপরেও নেতাকর্মীরা বিভিন্ন উপায়ে যানবাহন ম্যানেজ করে যথা সময় সমাবেশে স্থলে হাজির হবে বলে আশা প্রকাশ করেন। বরিশাল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিভিন্ন জেলা থেকে আগত পরিবহনগুলো রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নৌপথে আসা নেতা কর্মীদের জন্য লঞ্চে উঠা-নামা করার জন্য নদী বন্দরে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । সমাবেশে আগত নেতাকর্মীদের যাতে কোন সমস্যা না হয় সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আমীরে জামায়াত ও অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ গণভোটের রায় বাস্তবায়নসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন এবং জনগণকে আগামী দিনের আন্দোলন সংগ্রামের ব্যাপারে দিক নির্দেশনা দিবেন। বরিশালে সমাবেশের মাধ্যমে ডা.শফিকুর রহমান অবহেলিত বরিশালের উন্নয়নের ব্যাপারে কথা বলবেন।আমীরে জামায়াতের বক্তব্যে ৬ লেন মহাসড়ক, ভোলা বরিশাল সেতু, ভোলা থেকে গ্যাস এনে বরিশালে শিল্পনগরী তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিসহ গুরুত্বপূর্ণ জনদাবি উঠে আসবে।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর মাওলানা জহির উদ্দিন মু. বাবর বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ অবহেলিত দক্ষিণ অঞ্চলের উন্নয়নের ১১ দলীয় ঐক্য ঘোষিত ১৮ জুলাই সমাবেশের কার্যক্রম এগিয়ে চলছে। বিরোধীদলীয় নেতার আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ্ উদ্দিপনা লক্ষ্য করা যাচ্ছে এবং এই জনসভা একটি জনসমুদ্রে পরিণত হবে।
তিনি আরও বলেন, এই জনসমাবেশে দলীয় কোন দাবি নেই জুলাইয়ে অসংখ্য মানুষের জীবন দানের মাধ্যমে যে জুলাই সনদ অর্জিত হয়েছে সেই জুলাই সনদ বাস্তুবানের জন্যই এই সমাবেশ।জনগণের দাবি জনগণই বাস্তবায়নে ভূমিকা রাখবে। এছাড়া দেশের আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও দক্ষিণ অঞ্চলের রাস্তাঘাটের যে বেহাল অবস্থা তার উন্নয়ন ঢাকা বরিশাল মহাসড়ককে ৬ লেনে উন্নতি করণ ও ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের উপর গুরুত্ব প্রদান করা হবে।
এর আগে গত ১৩ জুলাই দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বারের মতো তারেক রহমান বরিশাল সফর করেছেন। তার আগমন উপলক্ষে ও প্রস্তুতির কমতি ছিলনা এবং সেই সাথে সকল মহল থেকেই বরিশালের উন্নয়নের জন্য বিভিন্ন দাবি ছিল কিন্তু সেই কাক্সিক্ষত উন্নয়নের আশ্বাস না পেয়ে বরিশালের জনগণ কিছুটা আশাহত হয়েছে। উন্নয়ন বঞ্চিত দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ডাক্তার শফিকুর রহমান যে পরিকল্পনা ইতিমধ্যে উপস্থাপন করছেন তাতে আস্থা রেখে সকল শ্রেণি পেশার মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করবে।