সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

সারওয়ার সম্প্রতি সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজারের তহবিল ব্যবস্থাপনা এবং দানবাক্সে স্বচ্ছতা ও শৃঙ্খলা আনার কিছু পদক্ষেপ নিয়েছিলেন।

মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা ও অডিট সংক্রান্ত এই উদ্যোগটি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হওয়ার পরপরই তাকে প্রত্যাহারের নির্দেশ আসে।

সরকারি প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ বা ব্যাখ্যা উল্লেখ করা হয়নি।

সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে তাৎক্ষণিকভাবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

ঢাকায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের সময় খাদ্যে ভেজাল ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সাহসী অভিযান চালিয়ে মো. সারওয়ার আলম দেশজুড়ে ব্যাপক পরিচিতি ও প্রশংসা অর্জন করেছিলেন।