ববি সংবাদদাতা: উদ্ভিদবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত ‘From the farms to the consumers: occurrence of antibiotic-resistant bacteria on salad vegetables’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ৯টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে সেমিনারটি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। কী-নোট স্পিকার ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা আশরাফি নীলা। সেমিনারে সভাপতিত্ব করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার দাস।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, 'এক সময় বাংলাদেশ খাদ্য ঘাটতিতে ভুগলেও বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে এখন সময় এসেছে নিরাপদ খাদ্য নিশ্চিত করার দিকে গুরুত্ব দেওয়ার।
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ ধরনের সময়োপযোগী বিষয়ে সেমিনার আয়োজনের জন্য তিনি উদ্ভিদবিজ্ঞান বিভাগকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এ সেমিনার থেকে অর্জিত জ্ঞান শিক্ষার্থীরা নিজেদের পরিবার ও সমাজে ছড়িয়ে দেবে।
সেমিনারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সম্ভাব্য ক্ষতির ঝুঁকি এবং তা প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিবৃন্দ।