শিক্ষার্থীদের শুধু চাকরির পেছনে ছুটে বেড়ানোর মানসিকতা থেকে বেরিয়ে এসে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। দক্ষতা ছাড়া কোনো ক্ষেত্রেই সফলতা অর্জন করা সম্ভব নয়। বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একজন সফল উদ্যোক্তা হওয়া সম্ভব।”

আজ রবিবার (২১ জুন) বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিসিক ট্রেনিং ইনস্টিটিউট, উত্তরা, ঢাকার উদ্যোগে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত ৫ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২১ থেকে ২৫ জুন ২০২৬ পর্যন্ত এই প্রশিক্ষণ কোর্সটি চলবে।

উপাচার্য তাঁর বক্তব্যে আরও বলেন, “আমি আশা করি, শিক্ষার্থীরা এমন উদ্যোগ গ্রহণ করবে যাতে নিজেরা চাকরি খোঁজার পরিবর্তে অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।” তিনি উদ্যোক্তা উন্নয়নে বিসিকের ভূমিকার প্রশংসা করে এই সময়োপযোগী প্রশিক্ষণের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আরও বেশি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল এবং রেজিস্ট্রার মোঃ হুমায়ুন কবির।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের শিল্প ব্যবস্থাপনা অনুষদের প্রধান অনুষদ সদস্য প্রকৌশলী স্বর্ণা আইচ মিমি, শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদের সহকারী অনুষদ সদস্য জোনায়েত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মকে আত্মকর্মসংস্থান ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তা উন্নয়নের বিকল্প নেই।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের উদ্যোক্তা মানসিকতা বিকাশ, ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, বিপণন কৌশল এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক জ্ঞান প্রদান করা হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SMEs) প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় দক্ষতা, বাজার বিশ্লেষণ, বিনিয়োগ পরিকল্পনা এবং টেকসই ব্যবসা পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কেও ধারণা দেওয়া হবে।##