দেশে চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে। এর মধ্যে দুটি বিশেষায়িত কলেজ ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য নিবেদিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে সরকার নতুন কাঠামোয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।
শনিবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) সামার-২০২৬ টার্মে ভর্তি হওয়া ৫৪৬ জন নবীন শিক্ষার্থীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, “আমরা চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করছি। এর মধ্যে দুটি টেকনিক্যাল এডুকেশনের জন্য নিবেদিত থাকবে, যেখানে ডিপ্লোমা প্রকৌশল সম্পন্ন শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবে। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”
শিক্ষামন্ত্রী আরও বলেন, নতুন প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা হচ্ছে। পরিমার্জিত পাঠ্যক্রমে খেলাধুলা, সংস্কৃতি, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি আনন্দভিত্তিক ও দক্ষতানির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সেখান থেকে বিশ্বমানের দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করা সম্ভব হয়।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তাদের হাতেই। তাই দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবে।
বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাকৃবির ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। এছাড়া বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং দুইজন নবীন শিক্ষার্থী।
সভাপতির বক্তব্যে গাকৃবির ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক বিভিন্ন র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিং-২০২৬-এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জনের পাশাপাশি এসডিজির বিভিন্ন সূচকে বিশ্বপর্যায়ে গুরুত্বপূর্ণ অবস্থান নিশ্চিত করেছে। এছাড়া ইউআরআই-২০২৬-এর ‘অর্থনৈতিক উন্নয়নমুখী প্রযুক্তি হস্তান্তর’ বিভাগে বিশ্বের শীর্ষ ১০০-এর মধ্যে ২৩তম স্থান এবং কিউএস সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
তিনি আরও বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এ পর্যন্ত ৯৭টি উচ্চফলনশীল ফসলের জাত এবং ২০টিরও বেশি কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সামার-২০২৬ টার্মে স্নাতক পর্যায়ে ৫১৩ জন, স্নাতকোত্তর পর্যায়ে ৩০ জন এবং পিএইচডি পর্যায়ে তিনজনসহ মোট ৫৪৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। অনুষ্ঠানের আগে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।