কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দুর্গম পাহাড়ে র‌্যাব-১৫ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মুক্তিপণের দাবিতে বন্দীদশা থেকে অপহৃত চার তরুণকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার পাহাড়ি আস্তানায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৫ জানায়, গত ২৬ জুন রাতে ফেনী থেকে টেকনাফের হ্নীলা এলাকায় এসে নিখোঁজ হন এমাম হোসেন জিসান (২৩) ও তহিদুল ইসলাম তামিম (১৯)। পরে ২৮ জুন ফেনীর দাগনভূঞা থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় র‌্যাব জানতে পারে, তারা একটি পাহাড়ি অপহরণকারী চক্রের হাতে জিম্মি রয়েছেন।

এর ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এবং টেকনাফ মডেল থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালায়। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে চারজন অপহৃতকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অন্য দুজন হলেন; ফেনী দাগনভূঞা উপজেলার এমাম হোসেন (১৮) এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার সুমন মিয়া ওরফে হোসাইন (২২)।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, অপহরণকারীরা তাদের হাত-পা বেঁধে পাহাড়ি আস্তানায় আটকে রাখে এবং পরিবারের কাছে জনপ্রতি ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে বিলম্ব হওয়ায় তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।

র‌্যাব জানিয়েছেন, উদ্ধার হওয়া চারজনকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অপহরণকারী চক্রের মূল হোতা ও সহযোগীদের গ্রেপ্তারে দুর্গম পাহাড়ি এলাকায় যৌথ অভিযান অব্যাহত রয়েছে। এদিকে যৌথ অভিযানে অপহৃত চার তরুণকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন ওসি টেকনাফ থানা।