বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বলেছেন, দেশকে উন্নয়ন, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে শ্রমিক কল্যাণে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং ইসলামী মূল্যবোধভিত্তিক শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।

শুক্রবার সকাল ১১টায় কুমিল্লা নগরীর ফারুকি হাউসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা অঞ্চলের ষান্মাসিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কুমিল্লা অঞ্চল পরিচালক মজিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ এবং কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

প্রধান অতিথি মাওলানা এ টি এম মাছুম বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। তাদের ঘাম ও শ্রমের বিনিময়ে জাতীয় উৎপাদন বৃদ্ধি পায় এবং অর্থনীতির চাকা সচল থাকে। তাই শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং তাদের মর্যাদা সমুন্নত রাখা সংশ্লিষ্ট সকল দায়িত্বশীলের নৈতিক ও সামাজিক দায়িত্ব।

তিনি আরও বলেন, শ্রমিকদের মধ্যে সততা, দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত করার পাশাপাশি নেতৃত্বের পর্যায়ে জবাবদিহিতা ও কল্যাণমুখী দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই শ্রমিকবান্ধব পরিবেশ সৃষ্টি হবে এবং একটি ইনসাফভিত্তিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা আমীর আব্দুল মতিন, নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার, লক্ষ্মীপুর জেলা আমীর বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূঁইয়া, ফেনী জেলা আমীর মাওলানা আব্দুল হান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি মাওলানা মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন জেলা ও অঞ্চলের নেতৃবৃন্দ।